মানহানির ৬৮টি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
জরুরি অবস্থার সময় যাচাই না করে ‘ডিজিএফআইয়ের সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদককে আসামি করে দেশের বিভিন্ন স্থানে এই মামলাগুলো হয়।
মাহফুজ আনামের আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের বেঞ্চ রোববার তাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।
মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
শহীদুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে সংবাদ পরিবেশন করায় দেশের বিভিন্ন এলাকায় ৬৬টি মামলায় হাই কোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেছেন এবং আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও।
ওই সময়ের ঘটনা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘বিরাট ভুল’ করেছিলেন তিনি।
তার ওই স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ওঠে। ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে প্রায় একশ মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা।
ওএফ





