বাংলাদেশে এই প্রথম জাতীয় পরিচয় পত্রে হিজড়ারা নিজেদের পরিচয়ে ভোট দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে নীতিমালা প্রণয়নের পর সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালায় সংশোধন আনছে।এ বছরের ভোটার তালিকা হালনাগাদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ফরমে নারী, পুরুষের পাশাপাশি হিজড়া লিঙ্গ পরিচয় অন্তর্ভূক্ত করা হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালায় সংশোধন এনে আরও কিছু প্রস্তাবসহ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে হিজড়ারা ভোটার হতে এলে তারা নারী বা পুরুষ ঐচ্ছিক পরিচয়ে ভোটার হতেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ