রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৮ লিটার চোলাই মদ, ৩৫০ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজাসহ ৮৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ষাঁট হাজার ৪২০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে র‌্যাব-২ এর সদস্যরা তাদেরকে আটক করে। র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর কাওরান বাজার ওয়ের্ষ্টান আইডিয়াল ইনস্টিটিউট এর সামনে অভিযান চালিয়ে ৯৮ লিটার চোলাই মদসহ মোঃ ইমরান হোসেন ভুঁইয়া (৩৭)কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী রামপুরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাকসুদুল আলম বলেন, র‌্যাব-২ এর অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে রাজধানীর চকবাজার এলাকার খাজে দেওয়ান গলির ২৮/১ নং বাসায় অভিযান চালিয়ে মাদক বিক্রয় কালে হাতেনাতে মোঃ তারেক (২৮) কে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ষাঁট হাজার ৪২০ টাকাসহ গ্রেফতার করে।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মোল্লাবাড়ী বস্তি থেকে ১৬ কেজি গাঁজাসহ মোঃ প্রিন্স মুন্সী (২২) কে গ্রেফতার করে র‌্যাব-২ এর অপর আর একটি দল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ক্যাপ্টেন মাকসুদুল আলম।

 

এমআর