প্রায় পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকার নিয়ন্ত্রিত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সোমবার এ মামলার অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান ও সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান ওরফে শিপলু। এরা দুজনেই বর্তমানে চাকরিচ্যুত।

দুদক সূত্র জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রি-পেইড মোবাইলকে পোস্ট-পেইডে রূপান্তর করে বিলিং সিস্টেমের বাইরে রেখে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তথা সরকারের নয় কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৩০৬ টাকা আত্মসাত করেছেন।

২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন মাস পর্যন্ত এ অর্থ আত্মসাত করা হয়েছে।ওই অবৈধ অর্থ ব্যক্তি স্বার্থে রূপান্তর করে ব্যাংকে জমা, ফ্ল্যাট ও জমি ক্রয় এবং শেয়ার বাজারে বিনিয়োগ করে পাচার করেছেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এর ৪(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধরায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করেছেন বলেও সংস্থাটির সূত্রে জানা গেছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি