একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মোহম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবার।
বুধবার সকাল পোনে দশটায় কামরুজ্জামানের সঙ্গে দেখা করতে তার স্ত্রী, ছেলে, ভাগনেসহ পরিবারের নয় সদস্য কেন্দ্রীয় কারাগারে আসেন। সকাল ১০টা ২৬মিনিটে স্বজনরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন।
কামারুজ্জামানের আইনজীবী আসাদ উদ্দিন জানান, কামারুজ্জামানের সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী, ছেলে হাসান ইকবাল ওয়ামীসহ পরিবারের অন্য সদস্যদের কারাগারে সাক্ষাতের কথা রয়েছে। পরে তারা সংবাদ সম্মেলন করবেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মোহাম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
এর আগে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেয় আপিল বিভাগ।
এরও আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত বছরের ৬ জুন খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। সুপ্রীমকোর্টে আপিল দাখিলের পর এ বছরের ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর তা শেষ হয়। ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।
জেএ





