ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।

বুধবার (১৩ নভেম্বর) রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘আকাশপ্রদীপ’ (বিজি ০২২৮) থেকে এইসব স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের পক্ষ থেকে বলা হয়েছে, আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় বেলা সাড়ে ৩টায় বিমানটি অবতরণ করে। যাত্রী আসনের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় এসব বার লুকানো ছিল।

বিমান বন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, যাত্রী নামানোর পর বিমানটি হ্যাঙ্গারে তোলা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বিকাল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। একপর্যায়ে ছয়টি আসনের নিচে অভিনব কায়দায় আলাদা আলাদা মোড়কে এসব বার পাওয়া যায়।

আলমগীর হোসেন আরও বলেন, চারটি আসনের নিচে ১২টি করে ৪৮টি ও বাকি দুটি আসনের নিচে ১৪ করে ২৮ টি বার পাওয়া যায়। এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। বুধবার রাতেই বিমানটি উড্ডয়নের কথা ছিল। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এমবি