একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকার রায় আসার পর গাজীপুরের কাশিমপুর কারাগারে এসে তার আইনজীবীরা দেখা করে গেছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, পাঁচজন আইনজীবীর একটি দল শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে কারাগারে এসে আজহারের সঙ্গে দেখা করেন।
তিনি বলেন, “তারা ১৫ মিনিটের মত ছিলেন। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে তাদের কথা হয়েছে এবং আজহারুল ইসলাম তাতে সম্মতি দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।”
তবে পরিবারের কেউ রায়ের পর এটিএম আজহারের সঙ্গে দেখা করতে আসেননি বলে জেলার বিকাশ রায়হান জানান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রায় পাঁচ বছর আগে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার আপিলের রায়েও তার সেই সাজা বহাল থাকে।
জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আজহার একাত্তরে ছিলেন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা কমিটির সভাপতি।
এমবি





