ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী।
এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে মাহফুজ আনাম স্বীকার করেন যে, ১/১১ এর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ সেলিমের স্বীকারোক্তির তথ্য সরবরাহ করেছিল প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সে তথ্য যাচাই না করে তার পত্রিকায় ছাপা ভুল ছিল বলে তিনি মন্তব্য করেন। এ কারণে তত্কালীন সময় শীর্ষ রাজনীতিকদের প্রতি জনগণের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়া ঐ মিথ্যা সংবাদের কারণে শেখ হাসিনাকে দীর্ঘ দিন কারাভোগ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এই মামলা করা হল।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য বিরোধী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য পত্রিকায় একের পর এক মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করে। যা রাষ্ট্রদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্র। তাই আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছি।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, আদালত ফৌজদারী কার্যবিধির ১৯৬ ধারা মতে সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দিয়েছে।
ওএফ





