অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্তে বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৯ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৪ কোটি টাকারও বেশি।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান প্রমুখ।

এমএম