রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে একটি মামলায় ৭ জন ইন্টার্নি চিকিৎসকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ৭ ইন্টার্নি চিকিৎসকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড়শ’ জন এবং এটিএন নিউজের ক্যামেরাপারসন মাহাফুজুর রহমান রুবেল বাদী হয়ে ছয় ইন্টার্ন চিকিৎসকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করেন।
মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান  জানান, রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলামকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
গত রোববার রাত ১০টার দিকে রামেক হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে এক রোগীর স্বজনের সঙ্গে দুর্ব্যবহার ও ওয়ার্ডের মধ্যে অবরুদ্ধ করে মারপিটের চিত্র ধারণ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বেপরোয়া হামলার শিকার হন সাংবাদিকরা। এতে আট সাংবাদিক আহত হন।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রাসেল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা তদন্তে সোমবার দুপুরে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। ওই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া, ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]