আদালতের নির্দেশমতে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে চিত্রনায়িকা পরীমণিকে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রিজনভ্যানে করে সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে পরীমণিকে কাশিমপুর মহিলা কারাগারের আনা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এই কারাগারে বন্দি রাখা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আজ পরীমণির আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুপুরে শুনানি শেষে জামিন নামঞ্জুর মাদক মামলার এই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত।

এ মামলায় আসামিদের ছাড়াই আজ দুপুর ২টা ৩৫মিনিটে শুনানি শুরু হয়। আসামিকে আদালতে হাজির করে যেন জামিন শুনানি করতে পারেন সে আবেদনও জানান পরীমণির আইনজীবীরা। সেটিও নামঞ্জুর করে আসামিদের ছাড়াই জামিন শুনানি করার আদেশ দেন আদালত।

এর আগে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন। পরীমণির অন্যতম আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর এক আবেদনের ওপর ভিত্তি করে তাকে ডিভিশন দেয়ার আদেশ দেয়া হয়। নীলাঞ্জনা রিফাত সুরভী খবরটি নিশ্চিত করেছেন ।

ডিভিশন দেয়ার আদেশে বলা হয়েছে, যেহেতু আসামি একজন চিত্রনায়িকা ও শিল্পী, সাধারণ কয়েদিদের সাথে বসবাস করা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। এ কারণে কারাবিধি মেনে কারা কর্তৃপক্ষকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হলো।

পরীর আইনজীবী নীলাঞ্জনা তার আবেদনে বলেন, যেহেতু নায়িকা পরীমণি একজন স্বনামধন্য নায়িকা, তার জন্য সাধারণ হাজতিদের সাথে বসবাস করা অস্বস্তিকর ও তার মানসিক পীড়ন হতে পারে। এমন কি কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এ কারণে তাকে কারাগারে ডিভিশন দেয়ার আবেদন করছি।

আবেদনে তিনি বলেন, পরীমণির জীবন-যাপন, পোশাক পরিচ্ছদ ও অনেক বিষয় অন্যদের থেকে আলাদা। এ কারণে তাকে কারাগারে ডিভিশন দেয়া জরুরি।

এমবি