বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।
মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত ১৬ জুন মুরাদনগর থানায় একটি মামলা করেন।
অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান।
অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএম