এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল (বৃহস্পতিবার)।

আজ (০৮ মার্চ) শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবার ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। তবে দুই দিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি।

এরআগে বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত। গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোটগ্রহণ শেষে সরকারি ছুটি ও বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।  

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল। তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মোট ২৭টি পদে ২৭ জন করে ৫৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান নির্বাচন করছেন। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান লড়ছেন। 

উল্লেখ্য, ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল বিজয় লাভ করে। এতে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপরদিকে সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।  

২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল মাত্র ৬টি পদে জয়লাভ করে। ২০১৬-১৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন আওয়ামী সমর্থীত আইনজীবীরা। অপরদিকে বিএনপি সমর্থীত নীল প্যানেল পেয়েছিলেন ৬টি পদ।  

এমবি