বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো- বাসের চালক মো. আলতাফ হোসেন (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)। অভিযুক্তরা সাভার পরিবহন বাসের স্টাফ।
ভুক্তভোগীর বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। যাত্রীরা নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চালক-হেলপার ও সহযোগী। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে আটক করে হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানা যায়। এরপর ভিকটিম, বাসের চালক ও হেলপারসহ চার জনকে সদর থানায় হস্তান্তর করা হয়।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘হাইওয়ে পুলিশ ভিকটিম ও অভিযুক্তদের থানায় হস্তান্তর করেছে। ওই নারী কুষ্টিয়ার বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছে।’
এমএম