চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর ভোজ্যতেলের ঘোষণায় তরল কোকেন আমদানির ঘটনার করা মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে আসছে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে এই মামলার বিচারকার্য শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন এ আদেশের ফলে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

গেলো ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় করা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয় মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, তরল কোকেন সন্দেহে গেলো বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এর পর রাসায়নিক পরীক্ষায় ওই কনটেইনারের ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে ২৮ জুন নগরীর বন্দর থানার এসআই ওসমান গনি বাদী হয়ে মামলা করেন। মামলায় খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও সোহেলকে আসামি করা হয়।

এএস