বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হবে। অনুমোদিত খসড়া অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ১৫ বছর এনসিটি ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।
তবে বৃহস্পতিবারের অনুমোদনে অপারেটরের নাম আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এ প্রকল্পে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নেওয়ার প্রক্রিয়া আগে থেকেই এগিয়ে আসছে। সরকারি পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প তথ্যেও ডিপি ওয়ার্ল্ডকে সম্ভাব্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। শ্রমিক, পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগের বিরোধিতাও হয়েছে। এ নিয়ে আন্দোলন ও কর্মসূচিও পালন করেছেন সংশ্লিষ্টরা।
সরকার অবশ্য পিপিপি কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত করে টার্মিনালের পরিচালন দক্ষতা বাড়ানোর উদ্যোগ হিসেবে বিষয়টি এগিয়ে নিচ্ছে। বিনিয়োগ ও বন্দরসেবা উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক অপারেটর নিয়োগে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা নয়, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) লেনদেন পরামর্শক হিসেবে কাজ করছে।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং সুবিধাগুলোর একটি এনসিটি। এর পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।
এদিকে খসড়া চুক্তিতে অনুমোদন মিললেও এটিই চূড়ান্ত কনসেশন চুক্তি নয়। চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে পরবর্তী ধাপের অনুমোদন ও প্রক্রিয়া শেষ করতে হবে।
এস











