যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি.কে) শামীমকে অবৈধ অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনের তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে ৭দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।
গুলশান থানার ওসি কামরুজ্জামান এইসব তথ্য নিশ্চিত করেন।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন, ওই দুই মামলার রিমান্ড আবেদনের শুনানি হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক যুবলীগ নেতা জি.কে শামীম ও তার ৭ বডিগার্ডকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক জানান, তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিংয়ে তিনটি মামলা হয়েছে।
গতকাল (শুক্রবার) বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। অভিযানে ১ কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।
চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ থাকা রাজধানীতে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা শামীমকে ধরতে শুক্রবার ভোর ৬টা থেকে সাদা পোশাকে শুরু হয় র্যাবের অভিযান। বিকেল সাড়ে ৪টায় অভিযান শেষে শামীমসহ ৮জনকে আটক করার কথা জানায় র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যদি তিনি নির্দোষ হন, তাহলে কোর্টে এগুলোর ব্যাখ্যা দেবেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।
এমবি





