টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

রাষ্ট্রপক্ষের আনা এক আবেদনের শুনানি শেষে জামিন আদেশ স্থগিত করে এ আদেশ দেয় সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার ডেপুটি এটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এর আগে গত ১৬ এপ্রিল রানার জামিন আজ ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছিল। আগামী ৮ মে বিষয়টির ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

গত ১৩ এপ্রিল হাইকোর্ট এমপি রানার জামিন মঞ্জুর করে আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

এমবি