আশুলিয়ার জিরাবোতে আবদুর রহমান নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আব্দুর রহমানের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার চড়পাড়া গ্রামে।
রোববার সকালে জিরাবো ডাক্তার বাড়ি এলাকার আজাদ সিএনজি পাম্পের সামনে থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আব্দুর রহমান বাড়ি থেকে ব্যসায়িক কাজে টঙ্গীর আব্দুল্লাহপুর কামারপাড়ায় বোন খোদেজা বেগমের বাড়িতে যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠে। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) নুর মোহাম্মদ জানায়, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জিরাবো ডাক্তার বাড়ি এলাকা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি। আব্দুর রহমানকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





