স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বগুড়া জেলা সদরের মানিকচক এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ তাদেরকে আটক করা হয়। 

তারা হলো- স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন আলম (৩০), রিপন (৪০) ও তাদের সহযোগী লুৎফর রহমান মিন্টু।
সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক শাহীন আলম মানিকচক উত্তর পাড়ার মজিবর রহমানের ছেলে ও বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রিপন সদর উপজেলার হটিলাপুর গ্রামের মফসের প্রামানিকের ছেলে ও বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তাদের সহযোগী লুৎফর রহমান মিন্টু মানিকচক কর্ণপুরের মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১১ টায় একদল পুলিশ শহরের মানিকচক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ একটি দেশীয় তৈরি কিরিচ উদ্ধার করে।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে মানিকচক কদিমপাড়া মোড়ে শাহীন আলমের দেহ তল্লাশী করে তার কোমরে লুকানো অবস্থায় ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ ইতালীর তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ