নৌবাহিনীর এক লেফটেন্যান্টকে মারধরের ঘটনায় গ্রেফতার ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমপুত্র ইরফান সেলিম ও তার সহযোগী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪ টি মামলা হয়েছে। এর আগে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন বাদী হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে তাদের বিরুদ্ধে দুটি করে মামলা দায়ের করেছেন বলে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ নেওয়াজ জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের কাজে ওয়াকিটকি ব্যবহার করতো ইরফান। ক্ষমতা প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো সে। তার বাড়ি থেকে বিদেশি মদসহ অন্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দুটি, দুটি করে মোট চারটি মামলা করবে।”
এর আগে সোমবার অবৈধভাবে রাখা বিপুল সংখ্যক ওয়াকিটকি ও বিদেশি মদ পাওয়া যাওয়ায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের অভিযানের সময় ইরফানের বাসায় দুটি আগ্নেয়াস্ত্র, ৩৮টি ওয়াকিটকি ও মদ জব্দ করা হয়।
গত ২৫ অক্টোবর (রোববার) রাতে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে ইরফান ও তার সহযোগীরা নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন। এই ঘটনায় হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।
মামলার অভিযোগে বলা হয়, রোববার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নীলখেত থেকে কিছু বই কিনে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজেদের মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন লেফটেন্যান্ট ওয়াসিফ। পথে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতারের কাছে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকার থেকে কয়েকজন বেরিয়ে এসে ওয়াসিফকে মারধর ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন।
এদিকে, ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমপুত্র ইরফান সেলিমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১২ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হল।
ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর জামাতা।
এমবি





