বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং সেখানে শোনানো প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত অডিও রেকর্ড আজ রোববার সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে।
রোববার সকাল ৯টা ১০ মিনিটে বিচারপতি নাজমুল আরা সুলতানার নেতৃত্বে দুই সদস্যের আপিল বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ সিডি দাখিল করেন।
বিষয়টি শুনানির জন্য আগামী মঙ্গলবারের কার্যতালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ।
এ সময় একত্তার টেলিভিশনের টকশোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত জানান, আগামী মঙ্গলবার একাত্তর টিভিতে সম্প্রচার করা টকশোর বিষয়টি পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় আসবে।
এর আগে গত ১১ আগস্ট টেলিফোনে প্রধান বিচারপতির কথোপকথন নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিতে প্রচারিত অডিও টেপ এবং এ নিয়ে টকশোর ভিডিও দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ।
ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একাত্তর টিভি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতি কথোপকথনের ভিডিও প্রচার করে আদালত অবমাননা করেছে। প্রধান বিচারপতিকে হেয় করতেই প্রধান শিরোনাম করে এটা প্রচার করা হয়েছে।’
মাহবুবে আলম আরো বলেন, ‘একাত্তর টেলিভিশনে প্রধান বিচারপতির একটি কথোপকথন প্রচারের সময় তার ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু যার সঙ্গে কথা হয়েছে তার ছবি দেখানো হয়নি। ব্ল্যাকে রাখা হয়েছিল। আমি মনে করি এটা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হয়েছে।’
তিনি বলেন, ‘যেটা আদালতে বাজাতে দেননি, সেটাই তারা বাজিয়ে সারা দেশে প্রচার করেছে। এতে প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে। এখন এখানে আদালত অবমাননা হয়েছে কি না, সেটা আদালত দেখবেন।’
আদালতে আপনি কী বক্তব্য রেখেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদালত অবমাননা। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কাছে আদালত জানতে চাইলে তিনিও আমার সঙ্গে একমত হয়েছেন।’
প্রসঙ্গত, দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের স্বপক্ষে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির টেলিকথোপকথনের বিষয় আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন।
সেটি নিয়ে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়। টকশোতে প্রধান বিচারপতির কথোপকথনের ভিডিও প্রচার করা হয়।
এমআর





