বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেয়া বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি অবৈধভাবে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন।
অবসরে যাওয়া ওই বিচারকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। এরই মধ্যে তার সম্পদের উৎসের অনুসন্ধান শুরু হয়েছে। এ লক্ষ্যে একজন কর্মকর্তাও নিয়োগ করেছে দুদক। একইসঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারিও করা হয়েছে। এ বিষয়ে স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।
সদ্য অবসর নেয়া মোতাহার হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি অবসরে যান।
এ বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বছরের ১৭ নভেম্বর অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে খালাস দেন আদালত। একই মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।