বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট (অভিযোগ) নেয়ার জন্য বিশেষ প্রসিকিউশন টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, চার্জশিট পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কারও কিছু বলা ঠিক হবে না।

আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদ হত্যায় ফৌজদারি মামলার এজাহার দিয়ে শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হয়, যা চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- কিছুদিনের মধ্যেই চার্জশিট দেয়া হবে। চার্জশিট পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই চার্জশিট নেয়ার জন্য আইন মন্ত্রণালয় একটি বিশেষ প্রসিকিউশন টিম গঠন করতে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

আবরার হত্যাকাণ্ডের দ্রুত ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন- আবরার ফাহাদ হত্যা মামলায় চার্জশিট পাওয়ামাত্রই মামলাটিকে দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। আমি ইতিমধ্যিই প্রসিকিউশন সার্ভিসকে এই মামলা হ্যান্ডেল করার জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, সম্পাদিত ভারতের সঙ্গে বাংলাদেশে চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গত ৬ অক্টোবর (রোববার) রাত ৩টার দিকে খুন হন বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার (০৫ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েট শিক্ষার্থী আবরার। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন আবরার।

পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা। তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।

হত্যাকাণ্ডের প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে (ডিলেট) দেয় খুনিরা। তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন। পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন।

এই ঘটনায় ১৯ জনকে আসামি করে তার বাবা চকবাজার থানায় সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। বুয়েট কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি গঠন করেছে একটি তদন্ত কমিটিও।

এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

এমবি