৩৬তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারে সুপারিশপ্রাপ্তের গেজেটে বাদ পড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার(০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন- আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
রায়ের পরে সালাহ উদ্দিন দোলন বলেন, বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন্যদের সঙ্গে তাদের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হন। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদ পড়া ৩৮জন সুপারিশের তারিখ হতে নিয়োগ চেয়ে ২০১৯ সালে রিট করেন। আদালত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। আজ এ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
তিনি আরওে জানান, এ রায়ে আদালত এই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই তারিখে প্রকাশিত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।
এমবি





