প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইয়ে করি না। আপনারা আমাকে অনেক ইয়ে করছেন। কিন্তু একটু ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি, কিছু ডিসটর্টেট (বিকৃত) ইয়ে করা হয়। এতে আমি, একটু বিবৃতকর অবস্থার মধ্যে পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।”
প্রধান বিচারপতি আরও বলেন, “আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে (সৃষ্টি করতে) পারে। এটা একটু খেয়াল করবেন।”
তিনি বলেন, নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে তাদের অনেক দায়িত্ব রয়েছে। দলীয় মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিষ্পত্তি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা সংবিধানেই বলা আছে যাতে বঙ্গবন্ধুর স্বাক্ষর রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, কিছু জ্ঞানী ব্যক্তি রয়েছেন প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছেন, এটা বিচার বিভাগের জন্য সুখকর নয়।
এমবি





