নড়াইলে ধানক্ষেতে জোন দেওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ১৪ নভেম্বর (সোমবার) দুপুরে সদর উপজেলার দোলজিৎপুরে গ্রামে এই ঘটনা ঘটে। এতে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দোলজিৎপুরে গ্রামে মিকাইল শেখ তাদের পার্শ্ববর্তী সরোসপুর গ্রামের আমানুল্লাহর ক্ষেতের ধান কেটে দেওয়া বন্ধোবস্ত নিয়ে নিজ গ্রামের নূর ইসলাম, আনোয়ারসহ কয়েকজনকে জোন নিয়োগ করে। এ বিষয়ে তারা কয়েকজন সোমবার সকালে দোলজিৎপুর জামে মসজিদ এলাকায় চায়ের দোকানে বসে আলাপের সময় আনোয়ার কাজে যেতে অস্বীকার করায় জোন ঠিকাদার মিকাইলের ভাই তারিকের সঙ্গে বাদানুবাদ হয়। এর এক পর্যায়ে নূর ইসলাম আনোয়ারের পক্ষ নিলে দুজনের মধ্যে কথাকাটি হাতাহাতিতে গড়ায়।

এর প্রতিশোধ নিতে দুপুরের দিকে নূর ইসলাম তার আত্বীয়স্বজন, বংশের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ মিকাইল, তারিকের উপর চড়াও হয়। এসময় ‍দু’পক্ষের হামলা পাল্টা হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

পুলিশ জানায়, এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএস