হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গোপন সংবাদ আসে, ওই উদ্যানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হচ্ছে।
পরে গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে সেখানে ঢাকার একটি বিশেষদল অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এর আগে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সামিউন্নবী চৌধুরী জানান, আমি বিষয়টি জানি না। তবে শুনেছি কাউন্টার টেররিজমের একটি টিম অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
সর্বশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
এইচএন





