রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে দায়ের মামলায় গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

এই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার জুয়েল আহম্মেদ।

অপর আসামি হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

সূত্র জানায়, এদিন জিকে শামীম ও তার ৭ সহযোগী জামিন ও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন ও অব্যাহতির আবেদন না মঞ্জুর করে এই আদেশ দেন। আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১’র উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গুলশান নিকেতনের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় জি কে শামীমের অফিসে অভিযান শুরু করে র‌্যাব। পরে দুপুর ১২টার দিকে একই রোডের তার বাসায় (১৪৪ নম্বর হোল্ডিং) অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানেই অবস্থান করছিলেন জিজে শামীম। এ সময় তার সঙ্গে থাকা সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ নগদ ২ কোটি টাকা জব্দ করা হয়। শামীমের কাছে অস্ত্রও পায় র‌্যাব।

পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।

এমবি