জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করছেন খালেদার জিয়ার আইনজীবীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন।
এদিকে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।
এর আগে ৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ সাক্ষ্য প্রদান শেষ করেন। তার জেরার জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
১৪ জানুয়ারি খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। সেদিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ২১ জানুয়ারি জেরা শেষ না হওয়ায় পরবর্তীতে জেরার জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই মামলার অপর আসামিরা হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এআই





