অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে হাইকোর্টে খালাস পাওয়া সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন।
অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়েঢাকার বিশেষ জজ আদালত-৯ ২০০৮ সালের ১৪ মে শাহজাহান ওমরকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাকে খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক।
মঙ্গলবার এ আবেদন গ্রহণ করে দুদককে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।
২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ মেসবাহ উদ্দিন গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে পরস্পর যোগসাজশে ৪৬ লাখ ১৮ হাজার ৫০২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। একই সঙ্গে তারা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।
তবে কমিশন তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে অর্জনের অভিযোগ আনে।
আদালতে শাহজাহান ওমরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
ঢাকা, কেএ,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





