পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর–ই তৈয়বা(এলইটি) এর অধীনে ২ মাসের সামরিক প্রশিক্ষণ নেয়ার উদ্দেশ্যে পাকিস্তানে যাবার প্রস্তুতি নিচ্ছিল হরকাতুল জিহাদ বাংলাদেশ(হুজি)এর তিন সদস্য।
দেড়-দুই বছরে বিদেশ থেকে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ও সরাসরি কথিত জিহাদে অংশ নেয়া ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
এরআগে রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১১টায় হুজির তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোযেন্দা পুলিশ(ডিবি)।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশকে এসব তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুল্লাহ, মো. রিদওয়ান ও মো. সফিকুল ইসলাম ওরফে রিপন।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পাকিস্তানে যাবার জন্য ভিসা ও পাসপোর্ট তৈরির কাজও এগিয়ে নিয়েছিল তারা। গত ২৫ অক্টোবর হুজির ৪ জনকে আটক করার পর তাদের কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, আটককৃত তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। তারা সবাই কওমি মাদ্রাসায় পড়াশুনা করেছেন বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে। এদের মধ্যে আব্দুল্লাহ ও রিদওয়ান গার্মেন্টেস এ কাজ করে। অপরদিকে সফিকুল আবিষ্কৃত হুজির বোমা ওবিস্ফোরক তৈরির ল্যাবে ঝাড়ুদারের কাজ করতো।
গত দুই মাসে বেশ কয়েকজন জঙ্গি সদস্য গ্রেফতারের পর দেশে আবারও জঙ্গিদের উত্থান ঘটছে কিনা এ সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক জঙ্গিবাদী কার্যক্রম বেড়ে যাওয়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাবে প্রভাবিত হয়ে বাংলাদেশের ঝিমিয়ে পড়া জঙ্গি সদস্যরা পুনরায় সক্রিয় হবার চেষ্টা করছে।
তিনি বলেন, জঙ্গিরা যেন আবার পূর্বের ন্যায় উত্থান ঘটাতে না পারে সেজন্য গোয়েন্দা সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি জঙ্গিবাদের সাথে জড়িত বেশ কয়েকজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ কারণে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে যে নারায়ণগঞ্জ জঙ্গিবাদের অভয়াশ্রম হয়ে উঠছে কিনা এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি বুঝে জঙ্গিরা তাদের অবস্থান পরিবর্তন করে থাকে। মূলত: ঘন বসতিপূর্ণ এলাকায় জঙ্গিরা অবস্থান নিয়ে থাকে। যাতে তাদের সহজে ধরা না যায়।
জঙ্গি সদস্যদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। এ ধরণের কাজের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয় নি।
জেইউ/ইআর





