ঠিকাদার ও ক্যাসিনোকাণ্ডে বহিষ্কৃত যুবলীগের নেতা গোলাম কিবরিয়া (জিকে) শামীমের অস্ত্র মামলায় পাওয়া ৬ মাসের জামিন আদেশ বাতিল করা হয়েছে হাইকোর্ট।
আজ (০৮ মার্চ) রোববার জিকে শামীমকে দেয়া জামিন প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে জিকে শামীমের জামিন সংক্রান্ত সব নথি তলব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গতকাল (০৭ মার্চ) শনিবার তার আইনজীবী শওকত ওসমান জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন। একটি এক বছর ও অপরটিতে ছয় মাস পেয়েছেন। মানিলন্ডারিং ও দুদকের আরও দু’টি মামলা আছে সেগুলোর জন্য অলরেডি হলফনামা করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র্যাব। এসময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের সময় জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এরমধ্যে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হয়েছে।
গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
জিকে শামীম ছাড়াও এই মামলার অভিযুক্ত ৭ দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এমবি





