বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুককে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি।

এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি মঙ্গলবার এ আদেশ দেন।

গাড়ি পোড়ানোর অভিযোগ এনে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে গত ৮ জানুয়ারি জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। অপরদিকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে ৭ জানুয়ারি আগাম জামিন দেন হাইকোর্ট।

এসব জামিন আদেশের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি শেষে চেম্বার বিচারপতি এক আদেশে বলেন, ‘নো অর্ডার।’ অর্থাৎ বিএনপির এই দুই নেতাকে হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ বহাল থাকলো।

এদিন আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জেআই