রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের ফলে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আগামী ১৬ জানুয়ারি সাক্ষীর দিন ধার্য করেন আদালত।
সোহেল ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীব ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ জানুয়ারি রমনা থানাধীন বাংলামোটর এলাকায় আসামিরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেন।
২০১৪ সালের ৩০ নভেম্বর রমনা থানার উপ-পরিদর্শক শাহ আলম ওই চার নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এমবি





