সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন একাত্তরে তিনি নিজেও পিস কমিটির সদস্য ছিলেন।
আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে প্রদত্ত ফাঁসির আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানীর এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেন।
বিচারপতি এস কে সিনহা হেসে হেসে আরো বলেন- দিনের বেলা রাস্তায় কাজ করতাম আর রাতে মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহ করতাম।
উক্ত কথার প্রেক্ষিতে আপিল বিভাগের আরেক বিচারপতি আব্দুল ওহাব মিয়া বলেন- To save the life. (জীবন বাঁচানোর জন্য)।
অসুস্থতার কথা সরকার পক্ষের সাক্ষী আদালতে হাজির না হওয়া প্রসঙ্গে বিচারপতি আব্দুল ওহাব মিয়া আরও বলেন, ৫শ টাকা দিলেই সার্টিফিকেট (অসুস্থতার ডাক্তারি সার্টিফিকেট) মিলে।
এ পর্যায়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি বলেন- রাজাকারে নাম লিখিয়ে অনেকে অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধাদেরও সরবরাহ করত। ১৯৭১ সালে মানুষ ভয়ে অনেক কিছু করেছে।
বিচারপতি আব্দুল ওহাব মিয়া আরো বলেন- আমাদের হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথের বাবা ৭১ সালে মুসলমান ছিলেন। তখন এসকে সিনহা বলেন- এগুলো ওপেন কোর্টে বলা ঠিক না। তখন ওহাব মিয়া বলেন- এগুলা পত্র-পত্রিকায়ও এসেছে।
এছাড়া, মামলার আপিল শুনানীতে এটর্নি জেনারেল যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের উদ্দেশ্য করে বলেন- মনে কষ্ট লাগে। দুধ কলা খাইয়ে পুষে রাখবেন, আর তারা কাজ করবেনা।
ঢাকা, কেএ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





