চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। ফলে পরীমণির মুক্তিতে আর বাধা নেই বলে জানান তার আইনজীবী।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে, রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

২১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, পরীমণির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান চৌধুরী ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা আদালতে পরীমণির সঙ্গে কথা বলার জন্য আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ০৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।

এমবি