বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের সমায়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে এবার মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিলের প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হবে।

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ রোববার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। কাল সোমবার গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি করবেন সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম।

সুত্র জানায়, এম এ মান্নান ছাড়াও সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে মামলায় আসামি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সংস্থার ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, মেয়র ও হিসাবরক্ষণ কর্মকর্তা ২০১৩ সালের ১৮ আগষ্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পরস্পর যোগসাজশে সিটি করপোরেশেনের দরিদ্র ও ত্রাণ তহবিল থেকে ৯৯৯টি ভূয়া ভাউচারের মাধ্যমে ওই অর্থ আত্মসাত করেন।

গত বছরের মাঝামাঝি সময়ে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান করেন সংস্থার উপপরিচালক সামছুল আলম। অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র এম এ মান্নান বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৮ এপ্রিল তাঁকে মেয়র পদ থেকে দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগেও মেয়র মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় অভিযোগপত্র আদালতে গ্রহণের কথা উল্লেখ করে ১৯ আগস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ এম এ মান্নান হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনের শুনানি শেষে এপ্রিলে হাইকোর্টের একটি বেঞ্চ মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। আপিল বিভাগও হাইকোর্টের ওই আদেশ বহাল রাখেন।

এম এ মান্নানকে গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। মোট ২২টি মামলায় জামিন পাওয়ার পর গত ২ মার্চ তিনি কারামুক্ত হন। এরপর ১৫ এপ্রিল কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘটিত সহিংসতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে।

এমআর