মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জিএমপির সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের কাজিরচর গ্রামের তানজিম আহমেদ সোহেল ও গাজীপুর মহানগরের নীলের পাড়া এলাকার বাবু।
পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
মহানগর এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এমএম