প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কিছু আমার পক্ষে করা সম্ভব তার সবটুকু আমি করবো। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৯৫(২) (গ) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন অপরিহার্য।

আজ (রোববার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেলের দেয়া অভিনন্দনের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এ তিনটি অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে এ তিনটি অঙ্গের কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হয়। এ তিনটি অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায় সেজন্য আমি সবসময় চেষ্টা করবো।

প্রধান বিচারপতি আরো বলেন,  আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন ধনী গরিব সকলের মধ্যে এ বিশ্বাস জন্মবে তারা সবাই সমান এবং আদালতের নিকট হতে আইন অনুযায়ী তারা ন্যায় বিচার পাবেন। এতে করে আদালতের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা দৃঢ় হবে।

বিচারকদের উদ্দেশ্যে সৈয়দ মাহমুদ হোসেন বলেন. আমি আশা করবো আমার সহকর্মী সকল বিজ্ঞবিচারক সবসময় তাদের শপথের মূল বাণী হৃদয়ে প্রথিত করে জনগন ও মানবতার কল্যাণে সংবিধানকে সামনে রেখে বিচার কাজ পরিচালনা করবেন। বার ও বেঞ্চের পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং সহযোগিতা একটি সমৃদ্ধ বিচার বিভাগের ভিত্তি গড়ে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এমবি