প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এএসপি হাসান আরাফাত মাহমুদুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
জয় সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার অপরাধে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হয়।
ওই ঘটনাটি নিয়ে ২০১৫ সালের ৩১ মে ঢাকার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ওই মামলাতেই গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে তাকে আরো পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
একই মামলায় এবার মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হলো।
জয় সংক্রান্ত মামলাকে ‘কল্পকাহিনী’ আখ্যা দিয়ে বিএনপি বলছে, এ বিষয়ে জয়ের ৩০ কোটি ডলার বা ২৪০০ কোটি টাকা লেনদেনের তথ্য প্রকাশিত হলেও তা নিয়ে সরকার কোনো কথা বলছে না।
মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগম এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্র সংশ্লিষ্ট কোনো ষড়যন্ত্রের সঙ্গে তার ছেলের কোনো ধরনের সংশ্রব নেই। তিনি বলেন, মাহমুদুর রহমানকে তার সত্যনিষ্ঠ লেখালেখির জন্যই একের পর এক মিথ্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে।
২০১৩ সালের এপ্রিল থেকে কারাবন্দী আছেন মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে ৮৫টির মত মামলা রয়েছে। সম্প্রতি তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও তাকে নতুন করে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমই





