বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৫ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল পৌনে নয়টায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। এর কিছু সময় পর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
ভোট প্রদান শেষে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হলে, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

অপরদিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন গণমাধ্যমে জানান, নির্বাচন নিয়ে আমার কোন শঙ্কা নেই। আবহাওয়া জনিত কারণে ভোটার উপস্থিতি কম হলেও, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা রাখছি।
এদিকে বিএনপি জামায়াত ব্যতীত অপর তিন প্রার্থীর মধ্যে দুই খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা না হওয়ায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম তার নিজ কেন্দ্র বড়গাওয়ে ভোট দিয়েছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
এনএইচ















