নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন। এ আদেশের ফলে রিজভীর হাইকোর্টের দেওয়া জামিনই বহাল রইলো।
৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিজভীকে ৬ মাসের জামিন দেন।
২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর পল্লবী, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় রিজভীর নামে এসব মামলা হয়। ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন চান রিজভী। তবে ওইদিন ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে নিম্ন আদালতে ওই জামিন খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
এ পাঁচ মামলায় জামিন হলেও রমনা থানায় আরো একটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না রিজভী।
এম এ





