ইমেইলের মাধ্যমে হাসপাতাল ও কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়ায় রাজধানী থেকে আল-আমিন ওরফে নাহিদ (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। বর্তমানে তিনি দুই দিনের রিমান্ডে রয়েছেন।

গ্রেফাতারকৃত হুমকি দাতার নাম- এ কে এম আল-আমিন ওরফে নাহিদ (৪৪)। ২৪ আগস্ট ২০১৯ তারিখ বিকেলে ধানমন্ডি এলাকা হতে এই হুমকি দাতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। সূত্র:ডিএমপি নিউজ

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সূত্রে জানা যায়, ২১ আগস্ট রাত ১১.২০ টায় একটি ইমেইল থেকে এক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ইমেইল করে বলে ‘আগামী ২৫ আগস্ট ২০১৯ আপনার হাসপাতালে জঙ্গি হামলা হবে। আমি আপনার শুভাকাঙ্খী হিসেবে মেসেজ পাঠালাম। এতে আপনার কর্মচারি জড়িত আছে। আপনি এখনই পুলিশকে জানিয়ে রাখুন।’

একই দিনে রাত ১১.৪০ টায় একই ইমেইল থেকে শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে মেইল করে বলে ‘স্যার অনেক স্কুলে আগামী ২৬ আগস্ট ২০১৯ কিছু অসৎ লোক একসাথে বোমা হামলা করতে পারে। আপনি এই কোমলমতি শিশুদের বাঁচান। আমি তাদের একজন।

আমার বিবেক মানে নাই বলে আমি আপনাকে ইমেইল করে জানালাম। এই ইমেইল নম্বারটি আমার এক বড় ভাইয়ের। সে হামলা সম্পর্কে কিছু জানেনা। স্যার হয়ত তারা জানলে আমাকে মেরে ফেলবে। শিশুদের বাঁচান।’

উক্ত ঘটনায় মিরপুর মডেল থানায় জিডি হলে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ আগস্ট ২০১৯ তারিখ ১৭.৩০ টায় ধানমন্ডি এলাকা হতে ইমেইলে হুমকি দাতা আল-আমিনকে গ্রেফতার করে। এসময় একটি মোবাইল সেট, রাউটার, হুমকি সম্পর্কিত ইমেইল কনটেন্ট জব্দ করা হয়।

এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃত হুমকি দাতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ২৫ আগস্ট ২০১৯ তারিখ গ্রেফতারকৃতকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে, আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এএস