ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম পেজ থেকে শুরু করে বিভিন্ন ডেটিং ও কম্প্যানিয়নশিপ অ্যাপের মাধ্যমে ভারতীয় নারীরা ঘন্টার চুক্তিতে ‘রেন্ট-এ-বয়ফ্রেন্ড’ বা প্রেমিক ভাড়া নিচ্ছেন। একাকীত্ব দূর করা, একসঙ্গে সিনেমা দেখা, শপিংয়ে যাওয়া কিংবা রেস্তোরাঁয় বসে কফি খাওয়ার জন্য এই পরিষেবা ব্যবহার করা হচ্ছে।

কীভাবে কাজ করে এই ‘রেন্ট-এ-বয়ফ্রেন্ড’ সার্ভিস?

শুনতে অন্যরকম মনে হলেও, এই পরিষেবাগুলোকে কোনোভাবেই দেহব্যবসা বা অনৈতিক কাজের তালিকায় ফেলা যায় না। এজেন্সি এবং স্বাধীনভাবে কাজ করা তরুণদের রয়েছে কিছু কঠোর নিয়ম:

কোনো শারীরিক সম্পর্ক নয়: কোনো ধরনের শারীরিক সম্পর্ক বা আপত্তিকর আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

শুধুমাত্র পাবলিক প্লেস: দেখা করার জায়গা হতে হবে ক্যাফে, পার্ক, শপিং মল বা সিনেমা হলের মতো জনাকীর্ণ স্থানে। কোনো হোটেল রুম বা নির্জন জায়গায় যাওয়া যাবে না।

রাত্রিবাস নিষিদ্ধ: এই চুক্তিতে কোনো নাইট-স্টে বা রাতে একসঙ্গে থাকার সুযোগ নেই।

ভদ্রতা বজায় রাখা: গ্রাহক ও সঙ্গী—উভয়কেই পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়।

এখানে মূলত একজন মানুষ টাকা দিয়ে অন্য একজনের সময়, মনোযোগ এবং সুন্দর কথপোকথন কিনে নেন।

ভারতীয় বাজারে এর খরচ কেমন?

ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে এই ব্যবসা চলছে। যেমন ‘কো-পার্টনার’ (KoPartner) নামের একটি সাইটে বিভিন্ন কাজের জন্য প্রতি ঘন্টার রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে:

এমনি আড্ডা দেওয়া: ঘন্টায় ১,৫০০ রুপি

ক্লাবিং বা পার্টিতে যাওয়া: ঘন্টায় ২,০০০ রুপি

সিনেমা বা শপিং পার্টনার: ঘন্টায় ২,০০০ রুপি

চিকিৎসাজনিত প্রয়োজনে সঙ্গী হওয়া: ঘন্টায় ২,০০০ রুপি

এছাড়া ইনস্টাগ্রামে 'Rent Your Own Boyfriend India' (@ryob_india)-এর মতো পেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আকর্ষণীয় ছবি ও ক্যাপশন ব্যবহার করে গ্রাহক টানছে।

কারা এই সেবা নিচ্ছেন এবং কেন?

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত মেট্রোপলিটন শহরগুলোর ২০ থেকে ৩০ বছর বয়সী কর্মব্যস্ত নারীরা এই সেবা বেশি নিচ্ছেন। অনেকে নতুন শহরে এসে একাকীত্ব কাটাতে কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতেও প্রেমিক ভাড়া করছেন।

অন্যদিকে, কলেজ পড়ুয়া ছাত্র বা তরুণ চাকরিজীবীরা বাড়তি আয়ের জন্য নিজেদের ‘রেন্টাল বয়ফ্রেন্ড’ হিসেবে উপস্থাপন করছেন। ভালো কথপোকথন ও মার্জিত আচরণের মাধ্যমে সপ্তাহে মাত্র কয়েকটি বুকিং পেলেই তাদের হাতখরচের বড় একটা অংশ উঠে আসে।

বিশ্লেষকদের মতে: ‘‘এটি আসলে আধুনিক যুগের একাকীত্বের একটি যান্ত্রিক সমাধান। ব্যস্ত জীবনে যখন বন্ধু বা পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে, তখন মানুষ টাকার বিনিময়ে সাময়িক যত্ন ও মনোযোগ কিনতে চাইছে।’’

সূত্র: এনডিটিভি

এমএম