পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরের একটি গ্যারেজ থেকে ওই গাড়ি জব্দ ও তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চালকের নাম নাইম।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে আমরা নিশ্চিত হয়েছি যে, দুর্ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিল।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা বলেন, দুপুরে আটকের পর ওই যুবককে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ০৭ আগস্ট সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন সাইকেলআরোহী রত্না। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেছেন। গত ১১ দিনে ঘটনাস্থলসহ সম্ভাব্য সড়কগুলোর অন্তত ২৫০টি পয়েন্টের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।

পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৩৩ বছর বয়সী রত্নার স্বপ্ন ছিল হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা। সে লক্ষ্যে তিনি নিজেকে একটু একটু করে তৈরি করছিলেন। দেশ-বিদেশের কয়েকটি পর্বতের চূড়ায় তিনি উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

এমবি