৭১’র মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের অনুপস্থিতিতে বিচার কাজ শুরুর বিষয়ে আদেশর জন্য ৮ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যনাল।

রোবরাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আজ আদালতে জব্বারের শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত ৫টি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে এখনও তাকে গ্রেফতার করা যায়নি।

১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন।

গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের নথিপত্র,সাক্ষ্য-প্রমাণসহ যাবতীয় বিচার-বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়,পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট ১ হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা,২০০ জনকে ধর্মান্তরিত ও লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে ৫৫৭টি বাড়িঘর ধ্বংস করার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২০১৪ সালের ২৮ এপ্রিল শেষ করা হয়।

ঢাকা, কেএ, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এএইচ