গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ২৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, গত বছর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় শোনার পর জামায়াত-শিবিরকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পরে।
ওইদিন বিকাল ৪টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রেলরুটের রেললাইন তুলে ফেলে।
জামায়াত- শিবির কর্মীদের সঙ্গে যোগ দেয় এলাকার কয়েক হাজার নারী-পুরুষ। পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।ওই সংঘের্ষে চার কনস্টেবল নিহত হন। আহত হন আরও চার পুলিশ কনস্টেবল।
নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের আনছার আলীর ছেলে তোজাম্মেল হক (কনং-৪৮৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের আবু শামার ছেলে হজরত আলী (ক নং ৪৯২), বগুড়া জেলার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে বাবলু মিয়া (ক নং-৫৩৭) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে নাজিম উদ্দিন (ক নং- ১৫৮)।
পুলিশ হত্যা মামলায় তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেন।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





