পুত্রবধূ হত্যার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম।
রোববার তারা হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী তা মঞ্জুর করেন।
আসামির আইনজীবী ফজলুল হক খান ফরিদ আদালতের আদেশেল পর সাংবাদিকদের বলেন, “আমরা আগাম জামিন পেয়েছি। আদালত আমাদের আবেদন নিষ্পত্তি করে দিয়ে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে।”
গত বৃহস্পতিবার সন্ধ্যায় টিপুর ছেলে হুমায়ুন সুলতানের স্ত্রী শামারুফ মাহজাবিন শ্যামাকে (২৪) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পর টিপুর পরিবার আত্মহত্যার কথা বলে।
ওই রাতেই শ্যামার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন।
হুমায়ুন ওই সময় ধানমণ্ডি থানায় ছিলেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার আদালতে হাজির করলে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক।
এরপর দুপুরে উচ্চ আদালতে গিয়ে জামিনের আবেদন করেন হুমায়ুনের বাবা-মা।
তাদের আইনজীবী আদালতে বলেন, “তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এজাহারে ছিল না। ঘটনার পর টিপু সুলতানই মেয়ের বাবাকে বিষয়টি জানিয়েছেন। হত্যার ঘটনা হয়ে থাকলে তারা এ কাজ করতেন না।”
টিপু সুলতান আইনজীবী সমিতির একজন সদস্য এবং ডা. জেসমিন একজন অধ্যাপক জানিয়ে ফজলুল হক আদালতকে বলেন, এ মামলায় তারা আগাম জামিন পেতে পারেন।
শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জেআই





