আইনজীবীকে আসামির লকআপে ২ ঘণ্টা আটকে রাখার অভিযোগে পুরান ঢাকাস্থ ঢাকা মূখ্য মহানগর হাকিম আতালত প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। একজন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। এখনো সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
ওই বিচারকের অপসারণ চেয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) লক আপে আটক রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
ওই আইনজীবীর নাম রুবেল আহমেদ ভূঁঞা। আবেদনে তিনি বলেন, মঙ্গলবার আমি ওই আদালতে মামলা পরিচালনা করতে যাই। এ সময় সকাল সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন বলে জানান। কিন্তু ১১টার দিকেও বিচারক না ওঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চাই। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক আমার মামলা না শুনে পরে আসতে বলেন। পরে গেলে আমাকে ২ ঘণ্টা লক আপে আটকে রাখেন এবং বলেন, আমার সনদ বাতিল করে দেবেন এবং সব ম্যাজিস্ট্রেটকে বলে দেবেন, আমার মামলা না শোনার জন্য। আমি বিষয়টিতে চরম অপমান বোধ করছি এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এমবি





